১১ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে থানায় দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন এক নারী কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে তাঁকে সড়কের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশে মোটরসাইকেলে অপেক্ষা করছিল আরেক তরুণ। ওই নারী কনস্টেবলের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি প্রাথমিকভাবে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। তবে একজন নারীকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়টি শুধু ছিনতাইয়ের চেষ্টা হিসেবে দেখলে ঘটনার গুরুত্ব খাটো হয়ে যায়।
এখানে কয়েকটি প্রশ্ন সামনে আসে। একটি উপজেলা সদরে রাত ৮টা কি খুব বেশি রাত? তখন একজন নারী নিরাপদে বাড়ি ফিরতে পারবেন না কেন? ঘটনাস্থল যতই নির্জন হোক, সেটা কিন্তু জনবসতিপূর্ণ এলাকার কাছেই। এমন জায়গায় কেউ অপরাধ করার সাহস পায় কীভাবে? ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা নজরদারি কিংবা নিয়মিত টহল ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন।
ওই নারী একজন পুলিশ সদস্য। তিনি পুলিশের পোশাকে ছিলেন না, কিন্তু অপরাধীদের কাছে তিনি যে একজন নারী, সেটিই হয়তো তাঁকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই নারী যে পুলিশ সদস্য এই তথ্য অভিযুক্তরা জানুক আর না-ই জানুক, তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন চিৎকার করে এবং তাতে যে আশপাশের মানুষ ছুটে এসেছে, এ দৃশ্য নিশ্চয় তারা ভাবেনি। ব্যাপারটা হয়েছে কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতার মতো—পড়বি পড় মালির ঘাড়েই!
যাহোক, ভুক্তভোগী নারী একে তো পুলিশ সদস্য, আবার নির্ভীক। কিন্তু সব নারীরা তাঁর মতো সাহসী না-ও হতে পারে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নারীরা অন্তঃপুরবাসিনী হয়ে থাকতে বাধ্য হবে। অবশ্য জুড়ীর এই ঘটনা তাদের মনে সাহসের সঞ্চার করবে বলেই প্রত্যাশা; যদিও নাগরিকের নিরাপত্তা কখনো ব্যক্তিগত সাহস কিংবা আকস্মিক জনসহায়তার ওপর ছেড়ে দেওয়া যায় না। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
এখন পুলিশের উচিত, দ্রুত জড়িত দুই তরুণকে শনাক্ত করে আইনের আওতায় আনা। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি এলাকা এভাবে গোছানো থাকলে নিশ্চয় কেউ অপরাধ করার আগে সতর্ক হবে। কারণ, ‘মালির ঘাড়েই’ যে পড়তে হবে তাকে!

দৈনিক টার্গেট 























