ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ও সাবেক চেয়ারম্যান বকুলের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অভিযোগ ওঠে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁকে বকুল চেয়ারম্যান পক্ষের লোকজন মারধর করে রক্তাক্ত করেন। এনাম খাঁ বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনার জেরে আজ সকাল ৭টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা করা হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক টার্গেট 
























