আজ বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ শীর্ষক এক ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১৪০০ মায়ের বুক খালি হয়েছিল, মায়ের আহাজারি এখনো থামেনি এবং বিচার প্রক্রিয়াও এখনো চলমান। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের সংকেত পাওয়া উদ্বেগের।’
তিনি মনে করিয়ে দেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক মোড়েই তরুণেরা নেতৃত্ব দিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে রাজনৈতিক বিভেদ ও গঠনমূলক সমালোচনা থাকবে, তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ ধারণাটিকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে ধারণ করার আহ্বান জানান তিনি।
ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং ‘ইয়ুথ ফর পলিসি’র যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬ ’-এর শেষ দিনে এই ছায়া সংসদ অধিবেশন আয়োজিত হয়।
সংসদীয় রীতি অনুসরণ করে পরিচালিত এ অধিবেশনে তরুণেরা তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন দাবি সংবলিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ ডেপুটি স্পিকারের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 























