পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চলাচলবিষয়ক বাংলাদেশ রেলওয়ের এই প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চলাচল করবে। উদ্বোধনের পরই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। পথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

দৈনিক টার্গেট 





















