চট্টগ্রাম বন্দরে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ ও পরিচালনায় অভিন্ন কাঠামো তৈরি করে নতুন বিধিমালা জারি করেছে সরকার। ৫ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২২ সালের ৮ নম্বর আইনের ৫৮ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ কেফায়েত হামিম আজকের পত্রিকাকে বলেন, নতুন বিধিমালায় বন্দরের জেটি, টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগ, দায়িত্ব, পরিচালন মানদণ্ড ও তদারকির অভিন্ন আইনি কাঠামো তৈরি হয়েছে।
বিধিমালায় অপারেটরদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। বার্থ অপারেটররা জেটি ও বার্থে পণ্য ওঠানো-নামানোর কাজ করবেন। টার্মিনাল অপারেটরদের দায়িত্বে থাকবে বিশেষায়িত কনটেইনার ও বহুমুখী টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড এবং সংশ্লিষ্ট লজিস্টিকস ব্যবস্থাপনা। আর শিপ হ্যান্ডলিং অপারেটররা বহির্নোঙর, মুরিং বয়া ও নির্ধারিত জলসীমায় পণ্য খালাস, লাইটারেজ এবং বাল্ক পণ্য স্থানান্তর করবেন।
আগ্রহীদের নিয়োগ ও নবায়নের প্রতিটি আবেদনের সঙ্গে ১ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। নির্বাচিত অপারেটরকে ৫০ লাখ টাকা জামানত অথবা সমপরিমাণ পারফরম্যান্স গ্যারান্টি দিতে হবে। নবায়নের সময় কর্মদক্ষতার সূচক (কেপিআই), ট্যারিফ অনুসরণ ও কার্যক্রমের মান বিবেচনা করা হবে।
অপারেটরদের ক্রেন, রিচ স্ট্যাকার ও ফর্কলিফটের মতো আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং শ্রমিকদের নিরাপত্তাসামগ্রী নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখার পাশাপাশি বন্দরের নির্ধারিত পরিচালন পদ্ধতি (এসওপি) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
অবহেলা, নির্ধারিত ট্যারিফ লঙ্ঘন কিংবা কার্যক্রমে বিঘ্ন ঘটলে চবক লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে। বন্দরের উৎপাদনশীলতা নিরীক্ষা এবং পরিচালন মানদণ্ড তদারকির ক্ষমতাও থাকবে কর্তৃপক্ষের হাতে। বন্দর সুবিধা, কনটেইনার ইয়ার্ড এবং বেসরকারি অফ-ডক বা ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে পণ্য ও কনটেইনার চলাচল এবং হ্যান্ডলিংয়ের নিয়মও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৈনিক টার্গেট 




















