অভিযুক্ত কিশোর ইমন মজমপুর এলাকার বাসিন্দা।
গুরুতর আহত জাকিয়া কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
জাকিয়ার বাবা জাকারিয়া হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় আগে থেকে ওত পেতে থাকা মজমপুর এলাকার ইমন তার ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্রের ভাষ্য, কালো শার্ট পরা ইমন পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই তাকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ ছিল।
জাকিয়ার পরিবারের ধারণা, অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক টার্গেট 






















