যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮ শতাংশ মানুষ মনে করেন, তাঁরা এমন পেশায় আছেন, যার উদ্দেশ্যকে তাঁরা ব্যক্তিগতভাবে অর্থবহ মনে করেন। অথচ গবেষণা বলছে, অর্থবহ কাজ মানসিক ক্লান্তি কমায়। বাড়ায় কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ।
নিজের দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই পেশা খুঁজে পেতে মেনে চলতে পারেন তিনটি পরামর্শ।
পেশা পরিবর্তন করতে চান? নাকি কর্মজীবন শুরু করবেন? প্রথমেই ভাবুন, কোন কাজ আপনাকে আনন্দ দেয়। কী করতে ভালোবাসেন। কোন কাজে সবচেয়ে বেশি উৎসাহ পান। শুধু চাকরি নয়, অবসরের শখও হতে পারে পেশা। তাই নিজের আগ্রহ ও দক্ষতা চিনে নিন। ভাবুন, কোন কাজটি বছরের পর বছর আনন্দের সঙ্গে করতে পারবেন।
আপনি কি মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে ভালোবাসেন? নাকি আড়ালে থেকে নিজের বা সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান? অর্থবহ পেশা মানেই সমাজসেবা নয়। অন্য পেশাতেও মিলতে পারে তৃপ্তি। চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিডের সুখী পেশাজীবীদের তালিকায় রয়েছে বিপণন পরামর্শক ও প্রকৌশল প্রযুক্তিবিদের মতো পেশাও। তাই অন্যের পছন্দ নয়, গুরুত্ব দিন নিজের স্বাচ্ছন্দ্য ও দক্ষতাকে।
চাকরি ছাড়ার আগে পর্যাপ্ত সঞ্চয় রাখুন। ঋণের চাপ কমান। আবেগ নয়, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। মনে রাখবেন, পেশা শুধু আয়ের উৎস নয়। এটি হতে পারে আনন্দ, আত্মতৃপ্তি ও জীবনের অর্থ খুঁজে পাওয়ার মাধ্যম। তাই
নিজের ভালো লাগা ও দক্ষতার সঙ্গে মিলিয়েই বেছে নিন ভবিষ্যতের পথ।

দৈনিক টার্গেট 




























