বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনায় থাকা ব্রাজিলের পোষা বিড়াল মিলু এবারও সেলেসাওদের পক্ষেই রায় দিয়েছে। শেষ ষোলো পর্বে নরওয়ের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচেও ব্রাজিলের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে এই আলোচিত বিড়াল।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা ও নরওয়ে। ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগের মতো এবারও মিলু ব্রাজিলের পতাকাযুক্ত খাবারের বাটিটিই বেছে নিয়েছে।
ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের আগুয়ানিল শহরে মালিক নাথান পিনেইরোর সঙ্গে বসবাস করে মিলু। বিশ্বকাপ শুরুর পর থেকেই প্রতিটি ম্যাচের আগে দুই দলের পতাকাসংবলিত দুটি সমান বাটিতে খাবার রেখে বিড়ালটির সামনে দেওয়া হয়। যে দেশের পতাকাযুক্ত বাটি মিলু আগে নির্বাচন করে, সেটিকেই তার ভবিষ্যদ্বাণী হিসেবে ধরা হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে প্রকাশিত মিলুর সর্বশেষ ভিডিও ইতোমধ্যেই প্রায় ৫৫ লাখবার দেখা হয়েছে। ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিড়ালটিকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
তবে অনেকেই অভিযোগ তুলেছিলেন, মিলুকে ইচ্ছাকৃতভাবে ব্রাজিলের বাটির দিকে প্রলুব্ধ করা হয়। এমন সমালোচনার জবাবে নাথান একটি পৃথক ভিডিও প্রকাশ করেন। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে, যাতে বোঝানো হয় দুটি বাটিতেই একই ধরনের খাবার রাখা হয় এবং মিলু নিজের ইচ্ছাতেই একটি বাটি নির্বাচন করে।
ভিডিওতে নাথান বলেন, সবাই যেন পুরো বিষয়টি স্বচ্ছভাবে দেখতে পারেন, সে কারণেই প্রস্তুতির প্রতিটি ধাপ ক্যামেরায় ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের ম্যাচগুলোর ক্ষেত্রে মিলুর সব ভবিষ্যদ্বাণী বাস্তব ফলের সঙ্গে মিলেছে।
অনুসারীদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে নাথান জানিয়েছেন, খুব শিগগিরই কোনো সম্পাদনা ছাড়া (আনকাট) সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হবে। সেখানে খাবার প্রস্তুত থেকে শুরু করে মিলুর চূড়ান্ত বাটি নির্বাচন পর্যন্ত পুরো প্রক্রিয়া একটানা দেখা যাবে।
দৈনিক টার্গেট 
















