নতুন কুঁড়ি আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খুলনার কয়রা উপজেলার ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে। তিনি বলেন, জেলা পর্যায়ে এই সাফল্য শুধু খেলোয়াড়দের নয়, পুরো কয়রা উপজেলার গর্ব। ভবিষ্যতেও খেলোয়াড়রা আরও বড় অর্জনের মাধ্যমে উপজেলার সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন নতুন কুঁড়ি স্পোর্টসের টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন।
এ সময় বক্তব্য দেন কপোতাক্ষ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবম আব্দুল মালেক, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রধান কোচ এসএম শফিকুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা শিক্ষক শহীদ সরোয়ার, ডেল্টা লাইফের ইনচার্জ আলিউজ্জামান তাইজুল এবং দলীয় অধিনায়ক রিফাত আজম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফ, সাবেক সেনা কর্মকর্তা মো. আনোয়ার, সাবেক ফুটবলার আব্দুল জলিল ঢালী, কামরুল ইসলাম ঢালী, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানারা পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সম্মাননা স্মারক হিসেবে মেডেল ও জার্সি প্রদান করা হয়। এ সময় খেলোয়াড়দের সাফল্যে উপস্থিত অতিথিরা অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 





















