নারী ইস্যুতে পশ্চিমা দৃষ্টিভঙ্গির সমালোচনা

রাজনীতি

রাজনীতিতে নারীর অধিকার ও মর্যাদার প্রশ্ন এখনও কেবল আলোচনার বিষয় হিসেবেই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেছেন, দেশে নারীদের নিয়ে নানা সংগঠন কাজ করলেও বাস্তবে তাদের নিরাপত্তা, সম্মান ও কর্মপরিবেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয়।

রোববার রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সৈয়দ ফজলুল করীম রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ইউনুস আহমদ বলেন, নারী উন্নয়নকে পশ্চিমা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার কারণে সমাজে কার্যকর পরিবর্তন আসছে না। বাংলাদেশের সামাজিক কাঠামো, সংস্কৃতি ও মূল্যবোধ পশ্চিমা বিশ্বের সঙ্গে এক নয় উল্লেখ করে তিনি বলেন, নারীর মর্যাদা ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কেবল রাজনৈতিক স্লোগান বা আলোচনার মধ্যে নারী প্রশ্ন সীমাবদ্ধ থাকলে বাস্তব অগ্রগতি সম্ভব নয়। নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রকে যুগোপযোগী এবং বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

বৈঠকে সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও পরবর্তী সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রী শাখা গঠনের বিষয়েও মতবিনিময় করেন নেতারা।

মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় নেতাদের জন্য পর্দা রক্ষা করে পৃথক বসার ব্যবস্থা করা হয়। সভায় মহিলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।