ভিডিওতে প্রভা প্রথমেই ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন শিল্পীর কাজ পছন্দ করা এবং তাকে সম্মান করা অবশ্যই ইতিবাচক বিষয়। তবে সেই ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও কিছু সামাজিক শিষ্টাচার থাকা জরুরি। হঠাৎ দেখা হলে অভিনয় বা কাজ নিয়ে কথা না বলে সরাসরি বিয়ে বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত বিষয় হিসেবে বিয়ে, জন্ম ও মৃত্যুকে উল্লেখ করে এই অভিনেত্রী জানান, এসবই মানুষের নিয়ন্ত্রণের বাইরে এবং সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল। তার ভাষায়, ভবিষ্যতে কার জীবনে কী ঘটবে তা কেউই আগে থেকে জানে না। তাই এ ধরনের প্রশ্নের উত্তর খোঁজা বা চাপ সৃষ্টি করা অর্থহীন।
নিজের জীবনের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন প্রভা। তিনি বলেন, একজন মানুষের ব্যক্তিগত সংগ্রাম অন্যদের কাছে দৃশ্যমান না হলেও তার গুরুত্ব কমে না। জীবনে যা কিছু ঘটেছে বা ঘটেনি-সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে বলেই তিনি বিশ্বাস করেন। তাই নিজের হিসাব তিনি সৃষ্টিকর্তার সঙ্গেই মেলাতে চান, অন্য কারো কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করেন না।
সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত কৌতূহল ও প্রশ্ন তোলার প্রবণতার সমালোচনা করে প্রভা বলেন, আধুনিক জীবনযাপন বা ক্যারিয়ারমুখী হওয়া মানেই কেউ সংসারবিমুখ-এমন ধারণা ভুল। তার মতে, প্রায় প্রতিটি নারীই নিজের মতো করে একটি স্থিতিশীল পারিবারিক জীবন কামনা করে। তবে প্রত্যেকের বাস্তবতা ভিন্ন, এবং সেই ভিন্নতাকে সম্মান করাই উচিত।
শেষে তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, কারও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার আগে তার অনুভূতির দিকটি বিবেচনা করার জন্য। কারণ, অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় অজান্তেই কাউকে কষ্ট দিতে পারে-যা এড়ানো সম্ভব সামান্য সচেতনতা থেকেই।
দৈনিক টার্গেট 


























