মেগা প্রকল্পে লুটপাট বন্ধের আহ্বান
রাজধানীতে আয়োজিত এক জাতীয় কনভেনশনে দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অতীতের অনিয়ম ও অপচয়ের বিষয়টি সামনে এনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, উন্নয়নের নামে বড় বড় প্রকল্প গ্রহণ করা হলেও সেগুলোর অনেকগুলো শেষ পর্যন্ত জনগণের জন্য সুফল বয়ে আনার বদলে আর্থিক চাপ তৈরি করেছে।
রোববার (৩ মে) কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপিরসংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তার বক্তব্যে তিনি গত দেড় দশকের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, পরিকল্পনা ও বাস্তবায়নের স্বচ্ছতার অভাবে অনেক প্রকল্প প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তার মতে, বড় প্রকল্পগুলোর আড়ালে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, দীর্ঘমেয়াদে জনগণের ওপর ঋণের বোঝাও বাড়িয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনা থাকলেও অতীতের ঘটনাগুলোকে ভুলে গেলে চলবে না। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে যে অনিয়ম ও লুটপাটের অভিযোগ রয়েছে, সেগুলো আলোচনায় রাখা জরুরি নইলে ভবিষ্যতেও একই ধারা ফিরে আসার আশঙ্কা থেকে যায়।
তিনি আরও জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন উন্নয়ন প্রকল্পের নামে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। বিশেষ করে ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে কোনো গোষ্ঠী বা ঠিকাদারদের অযৌক্তিক সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে ঋণখেলাপি সংস্কৃতি ও অর্থ পাচারের মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের প্রতি বার্তায় সারজিস আলম বলেন, আগামী কয়েক বছরের জন্য একটি বাস্তবসম্মতও জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তার মতে, রাজনৈতিক চাপ বা প্রভাব যাই থাকুক না কেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর থাকা উচিত নয়।
কনভেনশনে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে—নচেৎ উন্নয়নের ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়বে।
