আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষের ব্যাপক বিস্তার নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের আরও শক্তিশালী পাল্টা বক্তব্য তুলে ধরতে হবে। নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষ মোকাবিলায় পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।
আয়োজকেরা বলেন, ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ বা পুরুষতান্ত্রিক অনলাইন বলয়ের মাধ্যমে এসব নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি ছড়ানো হচ্ছে। এটি অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি শিথিল নেটওয়ার্ক, যেখানে পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নারীবাদের প্রতি বিদ্বেষ প্রচার করা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এসব অনলাইন প্রভাবশালী আরও উৎসাহিত হন। তাঁরা অনলাইনে নারীবিদ্বেষী বিদ্রূপ ও হুমকি ছড়ানোর পক্ষে যুক্তি দেখাতে থাকেন।
‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেন সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি। তিনি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও “কুইয়ার” (ভিন্নধর্মী যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষ) জনগোষ্ঠীর প্রতি সহিংসতা।’
৪২ বছর বয়সী এই সমাজকর্মী আরও বলেন, ‘এ কারণেই আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’
জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট মেনকেয়ারের একাডেমিক ও অধিকারবিষয়ক একটি গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকের মধ্যে ‘পুরুষত্বের সীমাবদ্ধ ও আধিপত্যবাদী ধারণা’ রয়েছে। গত জুনে প্রকাশিত ওই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এমন উদ্বেগও দেখা গেছে যে ‘প্রকৃত পুরুষেরা সমাজে ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন’।
সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের আদর্শ নিয়ে পদ্ধতিগত ও সমাজব্যাপী আলোচনা শুরুর সুপারিশ করা হয়েছে গবেষণাটিতে। বলা হয়েছে, এ আলোচনা শুরু করতে হবে স্কুল থেকে।
এ মাসের শুরুতে নারীদের বিরুদ্ধে অনলাইনে সহিংস ও হয়রানিমূলক আচরণের বিপদ নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স।
২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটির জন্য দায়ী পুরুষেরা। আর ধর্ষণের ঘটনায় এই হার ‘৯৯ শতাংশ পর্যন্ত’।
ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই অপরাধী পুরুষ। পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। আমাদের প্রত্যেক পুরুষেরই দায়িত্ব রয়েছে।’

দৈনিক টার্গেট 

























