নিউইয়র্কের কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিস এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হেগসেথ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।
হেগসেথকে সরিয়ে দেওয়ার পক্ষে আছেন রিপাবলিকানরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি জানিয়েছেন, হেগসেথকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন তিনি। সোমবারের মধ্যেই এ প্রস্তাব আনা হতে পারে। প্রস্তাবটি পাস হলে হেগসেথকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার পথ তৈরি হতে পারে।
তবে পেন্টাগন বিবিসিকে জানিয়েছে, তারা আইন মেনেই কাজ করেছে। ‘ভুয়া তদন্তের’ কারণে হেগসেথ তাঁর অবস্থান থেকে বিচ্যুত হবেন না।
বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তাঁর দল। ফলে পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার এবিসি নিউজকে জেফ্রিস বলেন, ‘হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের পক্ষে আমি দৃঢ়ভাবে অবস্থান করছি।’
তিনি আরও বলেন, ‘পিট হেগসেথকে বিদায় নিতে হবে।’
কেন্টাকির কংগ্রেস সদস্য থমাস ম্যাসির উত্থাপন করতে যাওয়া প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ অনুযায়ী কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।
রোববার হেগসেথের পক্ষ নিয়ে তাঁকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাটদের আহ্বানের সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে ট্রাম্প বলেন, ‘তারা তাঁকে অভিশংসন করতে চায়। এটা খুবই অন্যায্য।’ তিনি আরও বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জড়িয়েছিলাম, দুটিতেই জিতেছি। আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি।’
ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের বিপরীতে শক্তিশালী ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন জেফ্রিস। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর তিনি বলেছিলেন, আপাতত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের অগ্রাধিকারে নেই। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেই দুবার অভিশংসিত হয়েছিলেন।
ভিডিওতে ম্যাসির অভিশংসন উদ্যোগের প্রসঙ্গও তুলে ধরেন হেগসেথ। এ উদ্যোগের হুমকিকে তিনি ‘ভিত্তিহীন অভিশংসন অভিযোগ’ বলে উল্লেখ করেন।
হেগসেথ বলেন, ‘দেখুন, তাদের নীতিগুলো কাজ করে না। তাই ক্ষমতার নামে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার যে আবেশ তাদের মধ্যে কাজ করে, তা থেকেই তারা প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করছে।’
অভিশংসন যুক্তরাষ্ট্রের একটি বিরল সাংবিধানিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রতিনিধি পরিষদ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তাঁকে অভিশংসনের পক্ষে ভোট দিতে পারে। এরপর সিনেটে ভোটাভুটির মাধ্যমে ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যবর্তী নির্বাচনের আরও কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি থাকলেও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৫৪। অভিশংসনের অভিযোগগুলো পাস করাতে প্রয়োজনীয় ২১৮ আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি।
তবে সিনেটে কোনো কর্মকর্তাকে পদ থেকে অপসারণ করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের থাকবে না। এ জন্য রিপাবলিকানদেরও তাঁদের পক্ষে ভোট দিতে হবে। রাজনৈতিক বাস্তবতায় এটি বেশ কঠিন বলে মনে করা হচ্ছে।

দৈনিক টার্গেট 























