কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আপুরিমাক, এন এবং মানতারো নদীর উপত্যকার কাছে সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল উড়োজাহাজটি। স্প্যানিশ নামের আদ্যক্ষর অনুযায়ী এলাকাটি ভ্রায়েম (ভিআরএইএম) নামে পরিচিত।
‘কোকেন উপত্যকা’ নামে পরিচিত এলাকাটি পেরুর সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদন অঞ্চল। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে শনাক্ত করা হয়েছে।’
বিবৃতিতে পাইলটের নাম এনজো এসপিনোজা রোকে বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে ‘বিশেষায়িত চিকিৎসা’ দেওয়ার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে এটি সেনাবাহিনীর তিন সদস্যকে উদ্ধার করেছিল। তবে কেন ওই তিন সেনাসদস্যকে উদ্ধার করার প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাঁরাও ছিলেন।
পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড অনলাইনে দেওয়া এক বিবৃতিতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এতে বলা হয়, ‘ভ্রায়েম বিশেষ কমান্ডের যেসব সদস্য সামরিক অভিযান পরিচালনার সময় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্য, বন্ধু ও সহযোদ্ধাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাঁদের মহিমার মধ্যে স্থান দিন।’
চলতি বছরের ফেব্রুয়ারিতেও পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম। এ তালিকায় কলম্বিয়াও রয়েছে। দুর্ঘটনার স্থলটিও মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত।

দৈনিক টার্গেট 



























