অন্য অনেক কৃষি প্রযুক্তির তুলনায় জেনারেটিভ এআই কৃষকদের মধ্যে বেশ দ্রুত ছড়িয়ে পড়লেও অঞ্চলভেদে এর হার ভিন্ন। গ্লোবাল ফার্মার ইনসাইটস ২০২৬-এর একটি জরিপে দেখা গেছে, ১৭ শতাংশ কৃষক কৃষিকাজের নানা ধাপে জেনারেটিভ এআই ব্যবহার করছেন। ১০টি দেশের ৫ হাজার ৫০০ কৃষকের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। অঞ্চলভিত্তিক ব্যবহারের হারে ২৬ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে লাতিন আমেরিকা। এরপর ২৩ শতাংশ নিয়ে রয়েছে উত্তর আমেরিকা এবং ১৩ শতাংশ নিয়ে ইউরোপ। এশিয়ায় এই হার মাত্র ৭ শতাংশ। অর্থাৎ এশিয়ার তুলনায় লাতিন আমেরিকার কৃষকদের জেনারেটিভ এআই ব্যবহারের হার প্রায় চার গুণ। তবে এসব টুলের জন্য অর্থ খরচ করার প্রবণতা এখনো খুব কম। বিশ্বজুড়ে মাত্র ৪ শতাংশ কৃষক অর্থের বিনিময়ে এআই টুলস ব্যবহার করেন।
কৃষি স্বয়ংক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি দেখা যায় চীনের আকাশে। এ বছরের শুরুতে চীনে উদ্ভিদ-সুরক্ষা ড্রোনের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ লাখ ৯ হাজারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। শুধু ২০২৫ সালেই যুক্ত হয়েছে প্রায় ৫৮ হাজার ড্রোন। ২০২৫ সালে এসব ড্রোন দিয়ে প্রায় ২০ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে কাজ করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে এর পরিমাণ ছিল আনুমানিক ৬৬ দশমিক ৪ লাখ হেক্টর। অথচ চীন ও যুক্তরাষ্ট্রের মোট ফসলি জমির পরিমাণ প্রায় কাছাকাছি। হিসাব অনুযায়ী, প্রায় সমপরিমাণ আবাদি জমিতে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের ড্রোনগুলো প্রায় ৩০ গুণ বেশি কাজ করেছে।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত কৃষি ড্রোনের সংখ্যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল প্রায় ১ হাজারটি। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৫ হাজারে। দামের পার্থক্যও এখানে বড় ভূমিকা রাখছে। চীনে একটি স্প্রে ড্রোনের দাম যেখানে ১০ হাজার ডলারের কম, যুক্তরাষ্ট্রে সেখানে তা ২০ থেকে ৩০ হাজার ডলার। থাইল্যান্ডে ২০১৯ সালে যেখানে ড্রোনের ব্যবহার ছিল প্রায় শূন্য, ২০২৩ সালে তা ৩০ শতাংশ কৃষিজমিতে পৌঁছে যায়। অন্যদিকে বিশ্বজুড়ে ২ হেক্টরের কম জমি চাষ করেন এমন ক্ষুদ্র কৃষকেরাই মোট খামারের ৮৫ শতাংশ। একটি ড্রোন ঘণ্টায় ৪ থেকে ১০ হেক্টর জমিতে কীটনাশক ছড়াতে পারে।
২০২৪ সালে বিশ্বজুড়ে অ্যাগ্রিফুডটেক খাতে প্রায় ৬৬০ কোটি ডলার বিনিয়োগ করে প্রথমে ছিল যুক্তরাষ্ট্র। আর ২৫০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারত। উন্নয়নশীল বাজারগুলোর মধ্যে ভারতের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ২০২৫ সালে বৈশ্বিক বিনিয়োগ দাঁড়ায় প্রায় ১ হাজার ৬২০ কোটি ডলারে এবং শীর্ষ তিনে চলে যায় যুক্তরাষ্ট্র, ভারত ও চীন।
এআইয়ের সুফল স্পষ্টভাবে ধরা পড়ছে পানি সাশ্রয়, ফলন ও খরচে। এআই নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থায় পানি ব্যবহার ৩০ শতাংশ পর্যন্ত কমার তথ্য পাওয়া গেছে। আর এআই প্রিসিশন টুল ব্যবহারকারী খামারগুলোতে ১৫ থেকে ২০ শতাংশ এবং শক্তিশালী প্রয়োগে ৪০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধির দাবি করা হয়েছে। এআই বিশ্লেষণে উপকরণ খরচ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও ভারতের তামিলনাড়ুর মাঠ পরীক্ষায় সেচের পানি ১২ থেকে ৩৫ শতাংশ কম এবং ফলন প্রায় ৩ থেকে ৪ শতাংশ বেশি দেখা গেছে।
তবে প্রযুক্তির বিস্তার বাড়লেও আস্থার জায়গায় এখনো বড় ব্যবধান রয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস হিসেবে মাত্র ৬ শতাংশ কৃষক জেনারেটিভ এআই বা এআই সার্চের তথ্য ব্যবহার করেন, যেখানে ৫৬ শতাংশ কৃষক আস্থা রাখেন কারিগরি কৃষিবিদের ওপর। অর্থাৎ এআইয়ের চেয়ে কৃষিবিদদের ওপর কৃষকদের আস্থা ৯ গুণের বেশি। বর্তমান ব্যবহারকারীদের মধ্যে পরিকল্পনাতেই এআই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এরপর রয়েছে ফসল ব্যবস্থাপনা। যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ কৃষক এআই টুলের জন্য অর্থ দেন। পাশাপাশি ২০২৬ সালে কৃষকদের ব্যয়ের পরিকল্পনা ২৪ শতাংশ পয়েন্ট কমেছে। বিক্রয় প্রতিনিধিদের প্রভাবও ৬৭ শতাংশ থেকে কমে ৫৬ শতাংশে নেমে এসেছে। সব মিলিয়ে চীনের ড্রোনগুলো প্রায় ২০ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে কাজ করলেও বিশ্বজুড়ে মাত্র ৬ শতাংশ কৃষক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইয়ের ওপর ভরসা করছেন।
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, গ্লোবাল ফার্মার ইনসাইটস ২০২৬

দৈনিক টার্গেট 

























