নিজের পডকাস্ট দ্যাটস নট ক্রিকেট উদ্বোধনের সময় স্টোকস বলেন, খেলোয়াড়, স্টাফ, ব্যবস্থাপনা—যাঁরা এই পুরো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের কথা বিবেচনা করে, তাঁদের পরিবার ও বন্ধুদের কথা ভেবে এখন সবচেয়ে ভালো হবে যদি বিষয়টি এখানেই থেমে যায়।
সংবাদমাধ্যমের তীব্র নজরদারির মধ্যে থাকার অভিজ্ঞতা থেকে স্টোকস মনে করেন, এ ধরনের বিতর্কের প্রভাব শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাঁদের কাছের মানুষদেরও মানসিক চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে যেতে হয়।
এই প্রসঙ্গে স্টোকস বলেন, ‘এতে এমন মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাঁদের এই পরিস্থিতির মধ্যে পড়ার কথা নয়। আমিও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, যখন কোনো একটি বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হতে হয়; আমি দেখেছি, যাঁদের এমন চাপ কিংবা উদ্বেগের মধ্যে পড়ার কথা নয়, তাঁদের ওপর এসব কীভাবে প্রভাব ফেলে।’
তবে বিতর্ক থামানোর আহ্বান জানালেও স্যান্ডপেপার-কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টোকস। তাঁর মতে, ওই সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেক কিছু জবাব দিতে হবে। একই সঙ্গে প্রকৃত ঘটনা সামনে আসার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
স্টোকস বলেন, তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের অনেক কিছু জবাব দেওয়ার আছে। বিষয়টি এত গভীরে চলে গেছে যে, এখন যেন সবকিছুই মৃত্যুর আগপর্যন্ত অস্বীকার করার মতো হয়ে দাঁড়িয়েছে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় প্রায় আট বছর পর নতুন করে আলোচনায় এসেছে স্যান্ডপেপার বিতর্ক। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে করা দাবি এই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। খাজার অভিযোগ, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলই জানত।
খাজার বক্তব্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে বিভক্তি তৈরি করেছে। একই সঙ্গে মূল ঘটনার তদন্ত কতটা বিস্তৃত ছিল, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কেপটাউন টেস্টই বল টেম্পারিংয়ের একমাত্র ঘটনা ছিল না, খাজার এমন ইঙ্গিত বিতর্ককে আরও উসকে দিয়েছে।

দৈনিক টার্গেট 


























