কিংস অ্যারেনার লড়াইটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে ফর্টিস। দুই দলই এখন পর্যন্ত লিগে অপরাজিত। শিরোপার দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না ফর্টিস কোচ মাসুদ কায়সার। তাঁর কথায়, ‘আমাদের লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে এই ম্যাচে জিততেই হবে। নাহলে হবে না। আমরা অনেক পিছিয়ে পড়ব।’
গাজীপুরে শীর্ষে থাকা পুলিশ এফসির সামনে ঢাকা আবাহনী। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পুলিশ এখনো অপরাজিত। জমাট রক্ষণ ও দ্রুত প্রতি-আক্রমণে তারা বেশ সফল। বিরতির আগে ছন্দে ফেরা আবাহনীর লক্ষ্য এই ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করা।
মুন্সিগঞ্জে চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া মোহামেডানের সামনে শীর্ষে ওঠার সুযোগ। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বড় দলকে আটকে দেওয়ার অভিজ্ঞতা আছে পুরান ঢাকার ক্লাবটির।

দৈনিক টার্গেট 























