রোববার লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো। এই জয়ে স্প্যানিশ শীর্ষ লিগে কোচ হিসেবে ৩৪৫তম জয় তুলে নিয়েছেন সিমিওনে। ছাড়িয়ে গেছেন আতলেতিকোর কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসকে। ২০০৪ সালে ৩৪৪ জয় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন আরাগোনেস।
সিমিওনে অবশ্য আরাগোনেসের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই রেকর্ড গড়েছেন। মাত্র ৫৬৭ ম্যাচে ৩৪৫ জয় পেয়েছেন তিনি। আরাগোনেসের রেকর্ড ছাড়িয়ে যেতে তাঁর লেগেছে ১৮৯টি ম্যাচ কম।
গেতাফের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আতলেতিকো। আলেক্স বায়েনা ও জনি কারদোসোর গোলে সহায়তা করেন হুলিয়ান আলভারেস। বিরতির পর আলেকজান্ডার সরলথকে ফাউল করে লাল কার্ড দেখেন গেতাফের জেনে ডাকোনাম। ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আতলেতিকো। স্পটকিক থেকে ব্যবধান ৩-০ করেন আলেহান্দ্রো গ্রিমালদো।
ম্যাচ শেষে নিজের এই অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেন সিমিওনে। মুভিস্টারকে তিনি বলেন, ‘এতে আমি আনন্দিত। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দিত করে না। তবে এই অর্জনের পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’
২০১১ সালে আতলেতিকোর দায়িত্ব নেওয়ার পর ক্লাবটির চেহারাই বদলে দিয়েছেন সিমিওনে। তাঁর অধীনে আটটি শিরোপা জিতেছে দলটি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যেও স্প্যানিশ ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে আতলেতিকো।
তবে সিমিওনের কৌশল নিয়ে সমালোচনা থামেনি। তাঁর দলকে প্রায়ই রক্ষণাত্মক ফুটবলের জন্য সমালোচনা শুনতে হয়। এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের নিয়ে ক্রমাগত সমালোচনা করা হয়। আমি এসব সমালোচনাকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি।’
এরপর নিজের অবস্থান স্পষ্ট করে সিমিওনে বলেন, ‘আমাদের নিয়ে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে আমরা রক্ষণাত্মক দল, যেন সব সময় শুধু রক্ষণের জন্যই খেলি। শুধু রক্ষণাত্মক ফুটবল খেলে ৩৪৫টি ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?’
সিমিওনের আতলেতিকো অধ্যায়ে সবচেয়ে বড় হতাশা হয়ে আছে চ্যাম্পিয়নস লিগের দুটি ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার। একবার টাইব্রেকারে এবং অন্যবার অতিরিক্ত সময়ে হেরেছিল তাঁর দল। দ্বিতীয় ফাইনালে যোগ করা সময়ে সমতাসূচক গোল হজমের পর অতিরিক্ত সময়ে ম্যাচ হাতছাড়া করে আতলেতিকো। তবে সেই হতাশা কাটিয়ে দীর্ঘদিন ধরে দলটির দায়িত্ব সামলে যাচ্ছেন সিমিওনে।
-6de71a-256x144.webp)
দৈনিক টার্গেট 

























