২০১৬ ও ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অনুষ্ঠিত আগের দুই আসরে দারুণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০১৬ সালে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা। আট বছর পর ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।
কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস বলেছেন, ‘কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে। এই আয়োজন আবারও প্রমাণ করবে, ফুটবলের কোনো সীমানা নেই এবং বড় স্বপ্ন দেখলে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।’
প্রসঙ্গত, ২০২৮ সালের ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহ দেখিয়েছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে কনমেবল।

দৈনিক টার্গেট 




























