গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল টমাস ডুলির দল। গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠা এবং ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর হাতছানি ছিল সামনে। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলেই সব স্বপ্ন শেষ হয়ে যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে পাকিস্তান। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট রুখে দেন শ্রাবণ। ২৫ মিনিটেও তাঁর দৃঢ়তায় গোলবঞ্চিত হয় পাকিস্তান। ৩২ মিনিটে আবদুল সামাদের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে বাংলাদেশেরও কয়েকটি ভালো সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই ছিল সমানে সমান। ৭৬ মিনিটে আদিল নবির নিচু কোণাকুণি শট ঠেকিয়ে আবারও দলকে বাঁচান শ্রাবণ। ৮৫ মিনিটে আবদুল সামাদের পাস থেকে আলী খানের শটও ফিরিয়ে দেন তিনি। তখন পর্যন্ত বাংলাদেশের রক্ষাকর্তা ছিলেন এই গোলরক্ষকই। কিন্তু পরক্ষণেই ঘটে ছন্দপতন।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

দৈনিক টার্গেট 

























