• ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ সবজিখেতে জমেছে পানি

দৈনিক টার্গেট • ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ সবজিখেতে জমেছে পানি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিন ধরে চলছে বৃষ্টি। এতে ভোগান্তি বাড়ছে মানুষের। এই বৃষ্টিতে ধান নিয়ে সংকটে পড়েছেন কৃষকেরা। সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টাসহ সবজির খেতে পানি জমে ক্ষতির শঙ্কায় পড়েছেন তাঁরা। থেমে গেছে শুঁটকি উৎপাদনও। দিনমজুর, রিকশাচালকের মতো নিম্ন আয়ের মানুষের রোজগার কমে গেছে।
সাতক্ষীরার তালা উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে ধান ও সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে সেসব ধান শুকাতে পারছেন না। একই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির খেতেও পানি জমেছে। জমে থাকা পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বলেন, বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।
এদিকে বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছেন না। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে নেহাত দরকার ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। ফলে দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মৌলভীবাজারে ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে পাকা আমন ধান কাটতে পারছেন না কৃষক। এ ছাড়া এরই মধ্যে কাটা ফসল মাড়াই ও শুকাতেও তাঁরা বিপাকে পড়েছেন।
সরেজমিনে মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে মাঠেই রেখে গেছেন। অনেকে ধান স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। বৃষ্টির কারণে এগুলো মাড়াই করতে পারছেন না।
রাজনগর উপজেলার কৃষক মিজান আহমেদ বলেন, ‘আমি ৩ একরের মধ্যে মাত্র ১ একর জায়গার ধান কেটেছি। কিন্তু এগুলো মাড়াই বা শুকাতে পারছি না।’ একই ভোগান্তির শিকার কৃষক সুহান মিয়া বলেন, ‘কাজ করতে লোক ভাড়া করে এনে তাঁদের বসিয়ে রেখে টাকা দিচ্ছি।’
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল ও ফকিরহাট উপজেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে জেলার বিভিন্ন অংশে দিনমজুরদের কাজ বন্ধ। সড়কে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের আয় কমে গেছে। ফকিরহাট উপজেলায় ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরাও।
এ ছাড়া বৃষ্টিতে ভিজে সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লির জেলেদের কোটি টাকার মাছ নষ্ট হয়েছে। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। পাশাপাশি বৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ গতকাল জানান, তিন দিন আগে জেলেদের আনা প্রায় কোটি টাকার মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা আরও কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে, অসময়ের বৃষ্টিতে ফকিরহাটে কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতকালীন অন্যান্য সবজিরও ক্ষতি হতে পারে। বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুরে গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরেরা পড়েছেন বিপাকে। অনেকের দৈনিক আয় নেমে এসেছে অর্ধেকে। সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী জানান, বৃষ্টির কারণে গতকাল শুক্রবার অর্ধেক টাকাও আয় করতে পারেননি।
একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম।
শহরের নিউ ট্রাক রোডে তিনটি দোকানে সপ্তাহখানেক ধরে শীতের পিঠা বিক্রি শুরু হয়েছিল। কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কোনো দোকানই বসেনি। ভ্রাম্যমাণ হকারদের উপস্থিতিও ছিল হাতে গোনা। ক্রেতা টানতে এক বিক্রেতাকে অর্ধেক দামে কলা বিক্রির জন্য হাঁকডাক করতে দেখা যায়।
টানা বৃষ্টিতে মানিকগঞ্জে অন্তত অর্ধশত ইটভাটার কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। গতকাল দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী, জোকা ও পুখুরিয়া এবং সদর উপজেলার ভাটবাউর এলাকার পাঁচটি ইটভাটা ঘুরে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। বৃষ্টির পানিতে অনেক ইট কাদায় পরিণত হয়েছে। কোথাও ইটের স্তূপ ধসে পড়েছে।
সদর উপজেলার ভাটবাউর এলাকার ইটভাটা মালিক আব্দুল মালেক বলেন, বৃষ্টির আশঙ্কায় কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলেন। কিন্তু বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় এবং বাতাসে পলিথিন উড়ে যাওয়ায় ইটগুলো ভিজে গলে গেছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, জেলায় প্রায় ৮০টি ইটভাটা রয়েছে। মৌসুমের শুরুতেই বৃষ্টিতে অর্ধশতাধিক ভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
অসময়ের বৃষ্টির বিরূপ প্রভাব পড়েছে কৃষিতেও। ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টা ও সবজির খেতে পানি জমেছে। ঘিওরের রাথুরা গ্রামের কৃষক কবির খান বলেন, তাঁর সরিষার খেতে টানা বৃষ্টি ও বাতাসে গাছ নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় গাছ ও ফুলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তিনি।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন তালা (সাতক্ষীরা), মৌলভীবাজার, শরণখোলা (বাগেরহাট), ফকিরহাট (বাগেরহাট), চাঁদপুর ও ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি]

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না…

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।