অন্যদিকে, ‘দ্য স্টার ক্লাব’ আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছিল।
তবে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দুই অনুষ্ঠানের আয়োজকই নিশ্চিত করেছেন, প্রদর্শনী দুটি বাতিল করা হয়েছে।
ফ্রেজার টাউনের অনুষ্ঠানের আয়োজক জানান, অনুষ্ঠানটি ঘিরে সমালোচনা ও বিতর্কের জেরে ধারাবাহিক প্রদর্শনীর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, ৫ ডিসেম্বরের প্রদর্শনীর আয়োজক জানান, শুরুতে অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে একটি ব্যক্তিগত সমাবেশ হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে মেহেদি অনুষ্ঠানের কথা ছিল, যা একটি বিষয়ভিত্তিক কর্মশালার অংশ হিসেবে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আয়োজক বলেন, ‘বিষয়টি যেহেতু অন্য পর্যায়ে চলে গেছে, তাই ৫ ডিসেম্বরের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’
জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি এই টেলিভিশন ধারাবাহিকটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের প্রচারণার কাজে ব্যবহার করছে। তবে বেঙ্গালুরুতে প্রদর্শনীর আয়োজন নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, যখন অভিযোগ ওঠে, আয়োজকদের একজন অতিথিদের পাকিস্তানি পোশাকবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা বাড়তে থাকে। একপর্যায়ে বিষয়টি পুলিশের নজরেও আসে। শেষ পর্যন্ত বিতর্ক, বিভিন্ন মহলের আপত্তি ও পুলিশের অনুসন্ধানের মধ্যে ধারাবাহিকটির প্রদর্শনী ঘিরে পরিকল্পিত দুটি অনুষ্ঠানই বাতিল করা হয়।

দৈনিক টার্গেট 



















