উত্তরায় বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক

জাতীয়

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত প্রকাশ করেছেন যুক্তরাজ্য।

দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু হওয়ায় এটি আরো হৃদয়বিদারক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

গতকাল (মঙ্গলবার) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, “বাংলাদেশে যুদ্ধবিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এতে যে শিশুদের প্রাণ গেছে, তা আরো বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

এ ঘটনায় শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও। তিনি বলেন, “বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন, তাদের সবার কথাই আমাদের মনে রয়েছে।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।