জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায়

জাতীয়

রাজধানীর সংসদ ভবন এলাকা শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পরিণত হয় উত্তপ্ত রণক্ষেত্রে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সেখানে জড়ো হয়েছিলেন হাজারো জুলাই যোদ্ধা। দাবি-দাওয়া জানাতে শান্তিপূর্ণভাবে সমবেত হলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

চোখের পলকে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। পাল্টা প্রতিরোধে জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। মুহূর্তেই চারপাশে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় আহত হন বহু আন্দোলনকারী, তাদের মধ্যে ছিলেন যোদ্ধা আতিকও।

চোখে দেখা এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পুলিশের আঘাত সহ্য করতে না পেরে রাস্তায় পড়ে যান আতিক। তখনই তার কৃত্রিম হাত খুলে পড়ে থাকে মাটিতে। সেই হৃদয়বিদারক দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আতিকের ছবি শেয়ার করে লিখেছেন, “তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ! ওঠো, দাঁড়াও। নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশেরকেল্লার মতোন।”

এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়, অসংখ্য মানুষ মন্তব্যে আতিকের প্রতি সহানুভূতি ও ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করা হয়। তবে জুলাই যোদ্ধাদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন; বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ