ঘুমের সঙ্গে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই। তখন মা সকালে ঘুম থেকে ওঠানোর জন্য কত রকম কৌশল অবলম্বন করতেন! কখনো আদর করে, কখনো বকাঝকা করে, আবার কখনো পানি ছিটিয়ে। কিন্তু আমার ঘুম ভাঙানো ছিল যেন কোনো দুর্গ জয় করার মতো কাজ।
মা বলত—এত ঘুম চোখে? লাট সাহেবের ব্যাটা হইছে! দুপুরবেলা উঠব! ঘুমা, বড় হইলে বুঝবি। আমি মনে মনে ভাবতাম, বড় হয়ে নিশ্চয়ই ঘুমানোর আরও ভালো ব্যবস্থা করব!
ছাত্রজীবনে ঘুমের গুরুত্ব সবচেয়ে বেশি অনুভব করেছি। বিশেষ করে পরীক্ষার আগের রাতে। সারা বছর বইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল অনেকটা ফেসবুকের অপরিচিত বন্ধুর মতো। দেখা হয়, কিন্তু কথা হয় না। অথচ পরীক্ষার আগের রাতে বইগুলো হঠাৎ করে ভীষণ আপন হয়ে ওঠে। তখন বই খুলে বসতেই চোখে রাজ্যের ঘুম ভর করে। মনে হয়, ঘুম যেন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, শুধু বই খোলার অপেক্ষায়!
সবচেয়ে মজার ব্যাপার হলো, সকালে ঘুম থেকে ওঠার জন্য আমি প্রতিদিন অ্যালার্ম দিই। একটি নয়, তিন-চারটি। প্রথম অ্যালার্ম বাজলে মনে হয়, আরও পাঁচ মিনিট ঘুমাই। দ্বিতীয় অ্যালার্মে মনে হয়, পাঁচ মিনিট তো কিছুই না। তৃতীয় অ্যালার্মে মনে হয়, যন্ত্রটির আবিষ্কারক নিশ্চয়ই আমার জন্মজন্মান্তরের শত্রু ছিলেন! শেষ পর্যন্ত অ্যালার্ম বন্ধ করে এমন শান্তিতে ঘুমাই, যেন সব দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি। অ্যালার্মের কাজ অ্যালার্ম করেছে, আমার কাজ আমি। দায়িত্ব পালনে দুজনেরই কোনো ঘাটতি নেই!
আমার ঘুমের আরেকটি বিশেষ গুণ আছে। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তখনই ঘুম বেশি পায়। পড়তে বসলে ঘুম, লিখতে বসলে ঘুম, অফিসের কাজে গেলেও ঘুম। এমনকি কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়ও ঘুম এসে বলে, ‘আগে একটু বিশ্রাম নাও, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে।’ অথচ আজকাল যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, তখন ঘুমের খবর থাকে না। মাথার মধ্যে একে একে হাজির হয় পুরোনো স্মৃতি, ভবিষ্যতের পরিকল্পনা, অসমাপ্ত কাজ, জীবনের ব্যর্থতা-সফলতার হিসাব। এমনকি দশ বছর আগে কাউকে কোনো প্রশ্নের কী উত্তর দেওয়া উচিত ছিল, সেই উত্তরও ঠিক তখনই মনে পড়ে! আবার কখনো এমন সব প্রশ্ন আসে, যেগুলোর উত্তর খুঁজতে খুঁজতে রাত শেষ হয়ে যায়।
তবে ঘুমের সবচেয়ে বড় শত্রু হলো মা-বাবার ডাক। বিশেষ করে ছুটির দিনে যখন গভীর ঘুমে নিমগ্ন থাকি, তখনই মায়ের কণ্ঠ ভেসে আসে, ‘সারাদিনই কি ঘুমাবি? ওঠ, কত কাজ পড়ে আছে! বাপের সঙ্গে একটু যা।’ তখন মনে হয়, ঘুমেরও বুঝি কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। পৃথিবীর সব মানুষ নিজের ইচ্ছেমতো বাঁচতে পারলেও ঘুমকাতুরে মানুষের নিজের ইচ্ছেমতো ঘুমানোর অধিকারটুকুও নেই!
তবুও ঘুমকে আমি কোনোভাবেই অবহেলা করতে পারি না। কারণ সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা আর ব্যস্ততার পর ঘুমই মানুষকে একটু শান্তি দেয়। ঘুমের রাজ্যে ধনী-গরিব, রাজা-প্রজা সবার পরিচয় এক। সেখানে নেই পরীক্ষার ভয়, নেই অফিসের চাপ, নেই বকেয়া কাজের হিসাব। আছে শুধু একটুকরো নিশ্চিন্ত পৃথিবী।
তাই জীবনের কাছে আমার চাওয়া খুব বেশি নয়। চাই না বিশাল অট্টালিকা, চাই না বিলাসবহুল গাড়ি। শুধু চাই, সকালে যেন কেউ ঘুম ভাঙাতে না আসে, দুপুরে যেন কোনো কাজের তাড়া না থাকে, আর রাতে ঘুম যেন আমার সঙ্গে লুকোচুরি না খেলে।
কারণ আমার কাছে ঘুম শুধু একটি শারীরিক প্রয়োজন নয়, এটি এক ধরনের শিল্প, এক অনন্য সাধনা। আর আমি সেই সাধনায় আজীবন ডুবে থাকতে চাই। তবে দুঃখের বিষয়, ঘুমের সাধনায় ভালো ফল করার পরও সমাজ আমাকে অলস বলে আখ্যা দেয়!
শেষ কথা একটাই—পৃথিবীর সবাই স্বপ্ন পূরণের আশায় রাত জাগে, আর আমি স্বপ্ন দেখার আশায় ঘুমিয়ে পড়ি। কে জানে, হয়তো একদিন ঘুমের মধ্যেই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ হয়ে যাবে!
![]()
দৈনিক টার্গেট 























