বিশ্বজুড়ে এখন মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের মাঝে সচেতনতা বেড়েছে। পড়াশোনার চাপ, চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁদের ভেতর প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের জন্ম দেয়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মি টাইম হলো একধরনের মানসিক রিচার্জ। এই সময়ে কোনো দায়িত্ব থাকে না, কোনো জবাবদিহি থাকে না। একা একা কফি খাওয়া, গান শোনা বা স্রেফ চুপচাপ বসে থাকা মস্তিষ্কে কর্টিসল কমিয়ে ডোপামিন ও সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
সারাক্ষণ মানুষের ভিড়ে, স্ক্রিনে বা কাজের মধ্যে থাকলে নিজের ভেতরের সৃজনশীল সত্তাটি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। মি টাইম বা দিনে একটু সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখলে যে কেউ নিজেদের ভালো লাগা ও ভালোবাসার জায়গাগুলো নতুন করে আবিষ্কার করতে পারেন। নিজের সারা দিনের অনুভূতি কাগজে লিখে হালকা হওয়া, কোনো ভালো বইয়ের পাতায় ডুব দেওয়া, ছবি আঁকা, বাগান করা কিংবা নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা ইত্যাদি কাজগুলো মন যেমন ভালো রাখে, তেমনি থেরাপির কাজও করে। বাড়ে আত্মবিশ্বাস।
অতিরিক্ত সামাজিকতা অনেক সময় মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়, যাকে বলা হয় সোশ্যাল বার্ন আউট। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্যও নিজের মন ভালো থাকা জরুরি। তরুণেরা এখন বুঝতে পারছেন, অন্যকে সময় দেওয়ার আগে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। মি টাইম উপভোগ করার পর আবার পরিবার বা বন্ধুদের মাঝে ফিরে গেলে মেজাজ থাকে ফুরফুরে। এতে সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া সম্ভব।
অতীতে একা থাকা নেতিবাচক বা একাকিত্ব হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমান প্রজন্মের তরুণেরা একাকিত্ব এবং নির্জনতার পার্থক্য বোঝেন। তাঁরা একা থাকাকে ভয় পান না, বরং একে উপভোগ করতে শিখেছেন। একা একা কোনো রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবার খাওয়া, একা সিনেমা হলে যাওয়া কিংবা একাই ছোটখাটো কোনো ট্যুরে চলে যাওয়া—এসবের মাধ্যমে তাঁদের আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা বহুগুণে বাড়ছে।
তাই ব্যস্ততা যতই থাকুক, দিনের শেষে নিজের মুখোমুখি বসার জন্য কিছুটা সময় তুলে রাখা প্রত্যেক তরুণের জন্যই এক সুন্দর ও স্বাস্থ্যকর অভ্যাসের নাম।
সূত্র: মিডিয়াম ও ইয়ুথ অপরচুনিটিজ

দৈনিক টার্গেট 




























