ঈদুল আযহার আনন্দঘন আবহে প্রকাশিত হয়েছে জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী রোজিনা আক্তারের নতুন গান “বড় মায়া লাগে বন্ধুরে”। ঈদের দ্বিতীয় দিনে প্রকাশিত গানটি ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-শ্রোতারা শিল্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোজিনা আক্তার।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের সন্তান রোজিনা আক্তার। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মাতা জাহানারা বেগম। ছোটবেলা থেকেই পরিবার, বিশেষ করে পিতা-মাতার উৎসাহ ও অনুপ্রেরণায় সঙ্গীতের প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই তিনি গফরগাঁও শিল্পকলা একাডেমিতে সঙ্গীত শিক্ষা শুরু করেন। পরবর্তীতে গাজীপুর শিল্পকলা একাডেমিতে নিয়মিত তালিম নিয়ে নিজেকে একজন দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলেন।
সঙ্গীতে প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসা ও সম্মাননা অর্জন করেছেন। বিশেষ করে লোকসঙ্গীত ও আঞ্চলিক গানের পরিবেশনায় তিনি শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম।
নতুন গান প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, “গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আমি আন্তরিকতা ও অনুভূতি দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, ঈদ উপলক্ষে প্রকাশিত এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে।”
গানটির গীতিকার ও সুরকার এস কে শানু জানান, গানটির কথা তিনি নিজের অনুভূতি থেকে লিখেছেন এবং সুরারোপের ক্ষেত্রেও সর্বোচ্চ যত্ন নিয়েছেন। তাঁর বিশ্বাস, সময়োপযোগী এই গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
মিউজিক ডিরেক্টর শিবলু মাহমুদ বলেন, “রোজিনা আক্তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন। আমি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে এর সংগীতায়োজন করেছি। আশা করছি শ্রোতারা একটি মানসম্পন্ন গান উপভোগ করবেন।”
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিমুল হাসান ও তানহা। তারা দুজনই গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে ভিডিও নির্মাতা এস আই শফিক ও হাবিবুর রহমান জানান, গানটির চিত্রায়ণে বাস্তবতা ও আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে তারা আশা করছেন।
“বড় মায়া লাগে বন্ধুরে” গানটি প্রকাশিত হয়েছে ‘Surer Alo Bd’ ইউটিউব চ্যানেলে। সংশ্লিষ্টরা গানটি উপভোগ করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিল্পীর পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার 
























