কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। মেরামতকাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরানোর কাজ শেষ হয়। তবে ট্রেন সরানো সম্ভব হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ না হওয়ায় আপলাইনে ট্রেন চলাচল শুরু করা যায়নি।
এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

দৈনিক টার্গেট 

























