দুপুরের পর তিনজনকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সেলিম রেজা প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদর রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে আটক করা হয়। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ মে ধানমন্ডি ৩২ নম্বর সেতুর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আতাউল হক দোলন ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
মো. মিজানুর রহমান ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার দিবাকরকাঠী গ্রামে।
আরিফ আহমেদ (তমাল মাহবুব) ছোট পর্দার অভিনেতা। ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০ ’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

দৈনিক টার্গেট 






















