নিহত আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মঠবী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবদুল মালেক। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মান্দারী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

দৈনিক টার্গেট 






















