ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন হিমাংশু পাল। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে স্টপ লিস্টে তাঁর নাম পাওয়া গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
আটক হিমাংশু বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশুর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় চলতি বছরের ১৭ জুলাই দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

দৈনিক টার্গেট 

























