• বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকায়
ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৩:১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- ৮ বার পঠিত হয়েছে
রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ধানের ফলনও ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। ভালো ফলন হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকের স্বস্তি নেই।
রাজশাহীর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকায়। কৃষকদের দাবি, উৎপাদন খরচ ও পরিশ্রমের যথাযথ মূল্য পেতে প্রতি মণ ধানের দাম অন্তত ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হওয়া প্রয়োজন।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।
পবা উপজেলার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কোথাও পাকা, কোথাও আধাপাকা ধান বাতাসে দুলছে। ভোরের হালকা কুয়াশার ভেতর মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কাস্তে হাতে ধান কাটছেন কৃষক। কেউ কেউ তা আঁটি বাঁধছেন। আবার কেউ জমির পাশেই মাড়াইয়ের কাজ করছেন। নতুন ধান ঘিরে কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা ও উৎসবের আমেজ।
কৃষকেরা জানান, এবার আগাম ব্রি-১০৩ ও বিনা-১৭ জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে অনেকেই জমির ধান কেটে ঘরে তুলেছেন। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ধান কাটার পর একই জমিতে আলু, শীতকালীন শাকসবজি ও ডালজাতীয় ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
তেঘর গ্রামের কৃষক মামুন রশিদ এবার তিন বিঘা জমিতে ব্রি-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২০ মণ। নিজের জমিতে ধান উৎপাদনে তাঁর খরচ হয়েছে বিঘাপ্রতি ১৪ হাজার টাকা। এর মধ্যে জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ ও সার প্রয়োগে প্রথম দফায় খরচ হয়েছে ৭ হাজার টাকা। ধান কাটা, মাড়াই, বাড়িতে
আনা ও শ্রমিকের মজুরি বাবদ দ্বিতীয় দফায় খরচ হয়েছে আরও ৭ হাজার টাকা। তবে বর্গা নেওয়া জমিতে চাষ করলে এর সঙ্গে যুক্ত হয় আরও ৫ হাজার টাকা।
বাগসারা বিলের কৃষক মুনজুর রহমান এবার ১০ বিঘা জমিতে বিনা-১৭ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি উৎপাদন খরচ হয়েছে ১৭ হাজার টাকা। গড়ে ফলন পেয়েছেন ১৮ মণ। সম্প্রতি ২০ মণ ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। দাম বাড়ার আশায় বাকি ধান রেখে দিয়েছেন।
পাইকপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম বর্গা নিয়ে তিন বিঘা জমিতে ব্রি-৫১ জাতের ধান চাষ করেছেন। আগামী সপ্তাহে তাঁর জমিতে ধান কাটা শুরু হবে। তিনি বলেন, গত বছরের তুলনায় সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম আশানুরূপ নয়। বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে কৃষকের পোষায় না। অন্তত ১ হাজার ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারলে কৃষকেরা লাভবান হতেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বিঘাপ্রতি গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ থেকে ২০ মণ।
অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে অন্য জমিগুলোতেও পুরোদমে ধান কাটা শুরু হবে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আমনচাষিরা লাভবান হবেন।

রাতে ঘুমাতে যাওয়া নারীর মরদেহ মিলল ভোরে পানের বরজে
রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার করিশা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর গলার কাছে জখমের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা মেরে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে ওই তরুণের সম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।

রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে জেলার পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।























