বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহর এলাকার টিক্কাপট্টিতে এই আজব ঘটনা ঘটে। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে সে গাছ থেকে নেমে আসে।
স্থানীয়রা জানান, টিক্কাপট্টি এলাকায় কিছুদিন ধরেই পেঁপে, ডাবসহ বাড়ির আঙিনার বিভিন্ন গাছের ফল চুরি হচ্ছিল। ঘটনার রাতে আনুমানিক ৯টার দিকে এক যুবক স্থানীয় এক বাসিন্দার ডাব গাছে ওঠে।
গাছ থেকে ডাবের শুকনো থুর নিচে পড়লে শব্দ পেয়ে বাড়িওয়ালা ও প্রতিবেশীরা ডাব গাছের নিচে এসে জড়ো হন। এ সময় টর্চলাইটের আলো ফেললে গাছের ওপর ওই যুবককে দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় জমে যায়।
ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বারবার নেমে আসার অনুরোধ করলেও নিচে পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে সে গাছেই অবস্থান করতে থাকে।
একপর্যায়ে পরিস্থিতির বুঝে পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা দূরে সরে যান। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা তাকে আশ্বস্ত করেন যে, তাকে কোনো প্রকার মারধর বা গ্রেপ্তার করা হবে না। টানা সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ বোঝাপড়া শেষে রাত সাড়ে ১২টার দিকে যুবকটি গাছ থেকে নিচে নেমে আসে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা সেখানে যান। গ্রেপ্তারের আশঙ্কায় যুবকটি নামতে চাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে নিরাপদে নিচে নামানো হয়। উপস্থিত জনতার সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক টার্গেট 




















