প্রথম মামলায় গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউসুফ আলী মৃধাকে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলায় অন্য পাঁচ আসামি মো. হাফিজুর রহমান চৌধুরী, এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, মো. রবিউল হাসান ও মো. আশরাফুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। রেলওয়ের নিয়োগে লিখিত পরীক্ষার খাতা ও শিক্ষকদের ট্যাবুলেশন শিটে ফলাফলের গরমিল করা হয়।
মামলায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ না দিয়ে অকৃতকার্য প্রার্থীদের জাল রেকর্ডপত্র তৈরি, নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে প্রথম মামলাটি করেন। তিনি মামলাটির তদন্ত কর্মকর্তাও ছিলেন। ২০১২ সালে কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত হয়।
দুদকের আরেক মামলায় গোলাম কিবরিয়াকে মোট তিন বছরের এবং ইউসুফ আলী মৃধাকে দণ্ডবিধির দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন ওই মামলার বাদী ছিলেন। তদন্ত শেষে তিনি অভিযোগপত্রও দাখিল করেন। মামলার অন্য আসামি মো. ইসমাইল হোসেন, মো. সোহেল রানা, মোছা. শাহিদা আক্তার ও মো. নাজিম উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।
রেলওয়ের নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার খাতায় ওভাররাইটিং, ঘষামাজা, কাটাকাটি ও জাল রেকর্ডপত্র তৈরির মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদনের অভিযোগে করা তৃতীয় মামলায় ইউসুফ আলী মৃধা, গোলাম কিবরিয়া, মো. ইসমাইল হোসেন, মো. সোহেল রানা, মোছা. শাহিদা আক্তার ও মো. নাজিম উদ্দিনকে খালাস দিয়েছেন আদালত।
দুদকের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন তৃতীয় মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তা ছিলেন। কোতোয়ালি থানায় মামলাটি ২০১২ সালের ৩১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
তিন মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় তাঁদের সাজা দেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাঁদের খালাস দিয়েছেন বিচারক।

দৈনিক টার্গেট 

























