আজ বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে, গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ নভেম্বর শুনানি শেষে তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।
শাহজালাল রুমি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’

দৈনিক টার্গেট 
















