স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে তারা সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুঠোফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম সুমন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তাঁর মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

দৈনিক টার্গেট 





















