আজ শনিবার বেলা ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।
নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ। নৌকাবাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাতিরঝিলে দর্শনার্থীরা ভিড় করেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি প্রমুখ।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যে হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

দৈনিক টার্গেট 






















