জাহাজমালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৃহস্পতিবার ও পরবর্তী দিনের জন্য যাঁরা জাহাজের টিকিট কেটেছেন, তাঁদের বিষয়ে জাহাজ চলাচল শুরু হলে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা ভ্রমণ করতে পারবেন না, তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
এদিকে গতকাল বুধবার ও এর আগের দিনগুলোতে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
৫ নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ—এই চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ করছিলেন।
তবে জাহাজ চলাচল বন্ধ থাকায় কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে পৌঁছেছেন বলে জানা গেছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

দৈনিক টার্গেট 






















