গ্রেপ্তার আবদুল কুদ্দুস শেরপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে শেরপুর পৌরসভার খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়। তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের মারধর এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। আবদুল কুদ্দুস ওই মামলার এজাহারভুক্ত আসামি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে হাজিপুরে নিজ বাড়ি থেকে আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 
























