গ্রামীণ ব্যাংকের চল্লিশা শাখার ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের মূল ফটক ও সাইনবোর্ডের আশপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে নিরাপত্তাকর্মী চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সাইনবোর্ড ও দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত বুধবার গভীর রাতেও একই শাখার সামনে থেকে সাদা স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
পরপর এমন ঘটনার পরও কেন থানায় লিখিত অভিযোগ করা হয়নি, জানতে চাইলে শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী বলেন, আগের ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাঁরা অভিযোগ না করার নির্দেশ দিয়েছিলেন। গত রাতের অগ্নিকাণ্ডের বিষয়টিও পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়ার বিষয়টি ব্যবস্থাপক মুঠোফোনে পুলিশকে জানিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 























