এরপর সোয়া ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। অবরোধকারীদের সরিয়ে দেওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকেরা।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কের যানবাহনে অবস্থানরত যাত্রীরা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ চালিয়ে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

দৈনিক টার্গেট 






















