আজ বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়।
ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকাল থেকে কয়েকজন যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁরা ফটক ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আবার হামলা চালিয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন।
তানভীর আহমেদ বলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দেন। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হ্যামস গার্মেন্টসের ফটক ও ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়। ঢুকতে না পেরে ফটকে ভাঙচুর চালানো হয়। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর এবং নোমান হোম টেক্সটাইলের ফটকেও ভাঙচুর করা হয়।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, তাঁদের কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা শ্রমিক নয়; কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল করছে।

দৈনিক টার্গেট 























