আজ সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। শ্রমিকেরা দল বেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন।
আরিফ হোসাঈন বলেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে কাজ করছেন সদস্যরা। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে আহত তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

দৈনিক টার্গেট 




















