আজ রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল রায়পুরে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেগুলো নিষ্ক্রিয় করার আগপর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি অভিযুক্ত হন। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তাঁর ভাড়া বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন বাড়িটির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। আগামীকাল বেলা ১১টার দিকে সেগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হবে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

দৈনিক টার্গেট 






















