মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, শুক্রবার (২০ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ ডলার ২৫ সেন্টে নেমে আসে। এর আগে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় মূল্যবান এই ধাতুর দাম। সপ্তাহজুড়ে দর কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
সোনার দাম কমার অন্যতম কারণ শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা। সুদের হার বাড়লে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়ে। অন্যদিকে সোনা কোনো সুদ দেয় না। ফলে সুদভিত্তিক বিনিয়োগের মুনাফা বাড়লে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।
পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, সামষ্টিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতি ও বাধ্যতামূলক সম্পদ বিক্রির চাপ—দুইয়ের মুখেই পড়েছে সোনার বাজার।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনও সোনার বাজারে প্রভাব ফেলছে। বৈশ্বিক শেয়ারবাজারে লোকসানের কারণে বিনিয়োগকারীরা মার্জিন কলের চাপ সামলাতে সোনাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন। ফলে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনাও বিক্রির তালিকায় চলে এসেছে।
বিশ্লেষকদের মতে, এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে প্রবেশ বা আইপিওতে বিনিয়োগের জন্য কেউ কেউ সোনা বিক্রি করছেন—এমন সম্ভাবনা থাকলেও এই বিষয়ে সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভেলেচা বলেন, সোনার বাজারে দরপতনের পেছনে একাধিক নেতিবাচক পরিস্থিতি একসঙ্গে কাজ করছে। ফেডের কঠোর অবস্থান, ডলারের শক্তিশালী হওয়া ও শেয়ারবাজারে অস্থিরতা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের পরিবর্তে নগদ অর্থের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
বিশ্লেষকদের আশঙ্কা, সোনার দামে নিম্নমুখী প্রবণতা এখনো শেষ হয়নি। বিভিন্ন বিনিয়োগ তহবিল সোনার দাম কমার পক্ষে অবস্থান নিচ্ছে। পাশাপাশি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা আরও বাড়তে পারে।
বর্তমানে প্রতি আউন্স সোনার জন্য ৩ হাজার ৫০০ ডলারকে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সমর্থনমূল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ দাম ধরে রাখতে না পারলে পরবর্তী সময়ে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে সোনা। এমনকি ৩ হাজার ২০০ ডলারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কোনো কোনো বিশ্লেষক।
অন্যদিকে দাম আবার বাড়তে শুরু করলে প্রথমে ৩ হাজার ৬০০ ডলারের স্তর অতিক্রম করতে হবে। এরপর ৩ হাজার ৭০০ ডলারের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আগে সমর্থন হিসেবে কাজ করা ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৮৫০ ডলারের অঞ্চল এখন প্রতিরোধক হয়ে উঠতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার পরিচিতি হারিয়ে যায়নি। তবে বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে বিনিয়োগকারীরা অনেক সময় লাভ-লোকসানের হিসাব না করে নগদ অর্থ সংগ্রহের জন্য সহজে বিক্রি করা যায়—এমন সম্পদ বিক্রি করেন। এ কারণেই শেয়ারবাজারের পাশাপাশি সোনার দামও কমছে।
বিশ্লেষক ক্রিস ওয়েস্টনের মতে, সোনার বাজারে স্থিতিশীলতা ফিরতে হলে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার স্থিতিশীল হওয়া, ডলারের দর কমা ও বাধ্যতামূলক সম্পদ বিক্রির চাপ কমার লক্ষণ দেখা প্রয়োজন।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যউপাত্তও সোনার বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারী ও স্বর্ণালংকারের ক্রেতাদের একবারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

দৈনিক টার্গেট 
























