গত ২৩ নভেম্বর ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের কর্পোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এই অর্জন তাঁর কর্মজীবন, পেশাদারত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তাঁর ভূমিকার স্বীকৃতি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন আমার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। ব্র্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তীতে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রেখেছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।
দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং এর প্রতিষ্ঠার পেছনে তাঁর ভূমিকা সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য তিনি বাজারে প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন।

দৈনিক টার্গেট 
























