আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এ মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, শুধু আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করছেন তাঁরা।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে মজুরি নির্ধারণে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয়। বরং সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত প্রক্রিয়া দীর্ঘ মেয়াদে সংকটের সমাধান করে না।
২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। শ্রমিকপক্ষ বোর্ডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো পাওয়া যায়নি।
মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিকপক্ষের অবস্থান তুলে ধরে নাজনীন আহমেদ বলেন, মালিকপক্ষের দাবি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে তাদের পক্ষে বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন। অন্যদিকে শ্রমিকদের দাবি, খাদ্য ও বাসস্থানের ব্যয় যেভাবে বেড়েছে, তাতে জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।
নাজনীন আহমেদ আরও বলেন, ‘আমরা মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ এমন একটি মজুরি নিশ্চিত করা, যাতে শ্রমিকেরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। আমরা মনে করি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে এই বৃহত্তর লক্ষ্যটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমরা “দর-কষাকষি” শব্দটি ব্যবহার করতে চাই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’
পোশাক খাতে স্থায়ী শ্রমিক-শান্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কয়েকটি সুপারিশও দিয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা; আবেগ বা চাপের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ; শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেওয়া।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড—যেমন মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা—পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে সংস্থাটি। আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য দেওয়া এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনার কথাও বলেছে সিপিডি।
সংস্থাটির মতে, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা জরুরি। একই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতি হিসেবে পোশাক কারখানায় শোভন কাজের পরিবেশ ও শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) নিশ্চিত করতে হবে।
দৈনিক টার্গেট 























