শাহবাগে এমপিও শিক্ষকদের বিক্ষোভ

ঢাকাদেশজুড়ে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন।

এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে –

১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি,

২. ১৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদান,

৩. এমপিওভুক্ত কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা নির্ধারণ।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, সরকার দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না এবং কর্মবিরতি অব্যাহত রাখবেন।

এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল মঙ্গলবার তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন, যেখানে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে নেতৃবৃন্দের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে এসে অনির্দিষ্টকালের কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার “অবাস্তব ও অপর্যাপ্ত।” তারা বলেন, “আমরা ন্যায্য দাবির আন্দোলনে নেমেছি। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে স্কুল-কলেজের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষকদের অনেকেই দুই দিন ধরে শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে রেখে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শুধু ভাতা বৃদ্ধি নয়, একই সঙ্গে সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানাচ্ছেন। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না এলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ