দৈনিক টার্গেট

দেশের চেতনায়

অনুরাগের জাঁকজমকপূর্ণ অভিষেক শীঘ্রই

ঢাকায় নতুন সাংস্কৃতিক সংগঠন ‘অনুরাগ’ গঠিত হয়েছে। সংগঠনটির অভিষেক অনুষ্ঠান শীঘ্রই আয়োজন করা হবে, যা হবে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য। কমিটির সদস্যরা জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির উপস্থিতি থাকবে।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কিংবদন্তি অভিনেতা ও মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

উপদেষ্টা পরিষদে আরো আছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি শামীম মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি রবিন খান, অতিরিক্ত পরিচালক (বিত্রুয়) এফডিসি হান্নান মজুমদার, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।

সংগঠনটির সভাপতি হলেন সাংবাদিক মোস্তফা মতিহার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর। সংগঠনে মোট ২১ সদস্য নিযুক্ত রয়েছেন।

কমিটির সদস্যরা জানান, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও অভিনয় কর্মকাণ্ডের মাধ্যমে দেশের চিরায়ত সংস্কৃতি ও শিল্পকলার গুরুত্ব তুলে ধরা হবে।

সংগঠনটি কেবল সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না; সামাজিক সচেতনতা সৃষ্টি এবং দেশের চলমান সংকট তুলে ধরতেও তারা কাজ করবে। অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন চিরায়ত বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলবে।